ইসলামিক জ্ঞানতত্ত্বে জ্ঞানের উৎস (مَصَادِرُ المَعْرِفَة)
জ্ঞানের উৎস (مَصَادِرُ المَعْرِفَة)
সাধারণভাবে বলা যায়, ইন্দ্রিয় বা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা জগত সম্পর্কে জ্ঞান অর্জন করি। কিন্তু কারো কথা শুনে অন্ধভাবে কোনো কিছু মেনে নেওয়া—যার পেছনে কোনো যুক্তি নেই—ইসলাম সমর্থন করে না। পবিত্র কুরআনে বারবার 'আফালা তা’কিলুন' (أَفَلَا تَعْقِلُونَ) অর্থাৎ "তোমরা কি অনুধাবন করো না?" বলে যুক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, যুক্তি (আকল বা العقل) ও ইন্দ্রিয় (হিসস বা الحس) আমাদের দৃশ্যমান জগতের রহস্য উন্মোচনে সাহায্য করে।
তবে জ্ঞানের এমন কিছু জগত আছে, যা কেবল সীমাবদ্ধ যুক্তি বা ইন্দ্রিয় দিয়ে বোঝা সম্ভব নয়; সেখানে বিশ্বাসের আশ্রয় নিতে হয়। কুরআন একে বলেছে 'ওয়াইউমিনুনা বিল গায়ব' (وَيُؤْمِنُونَ بِالْغَيْبِ), অর্থাৎ "যারা অদৃশ্যের ওপর ঈমান বা বিশ্বাস স্থাপন করে" যা ওহী (الوحي) এর নির্দেশ দেন। এছাড়া স্রষ্টা মানুষকে সৃষ্টির সময়ই কিছু মৌলিক জ্ঞান দিয়ে দিয়েছেন (ফিতরাত বা الفطرة)। আবার জাগতিক মোহ, পাপ বা অবহেলার যে পর্দা হৃদয়ের ওপর থাকে, আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তা অপসারিত হলে মানুষ এমন অনেক সত্য উপলব্ধি করতে পারে, যা সাধারণ বুদ্ধি বা ইন্দ্রিয় দিয়ে অনুধাবন করা সম্ভব নয় (কাশফ বা الكشف)।
পরিশেষে বলা যায় যে , ইসলামিক দর্শনের জ্ঞানতত্ত্ব (Islamic Epistemology) বা 'ইলমুল মা'রিফা' (عِلمُ المَعرِفَة)-এর আলোচনায় জ্ঞানের উৎসকে পাঁচটি প্রধান স্তম্ভে ভাগ করা যায় ।
1.ওহী (الوحي): ঐশী নির্দেশ।
2. আকল (العقل): যৌক্তিক বিচারবুদ্ধি।
3. হিসস (الحس): ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা।
4.ফিতরাত (الفطرة): সহজাত চেতনা।
5. কাশফ (الكشف): আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি।
এই পাঁচটি উৎস পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মানবজাতিকে সত্য ও কল্যাণের পথে পরিচালিত করে, যেখানে ওহী হলো সবকিছুর কেন্দ্রীয় নিয়ন্ত্রক ও মানদণ্ড।
-
مَصَادِرُ المَعْرِفَة
- الوحي
- العقل
- الحس
- الفطرة
- الكشف
পাঁচটি উৎসকে একত্রে মাসা-দিরুল মা’রিফা বলা হয়। এর মধ্যে ওহী হলো সবকিছুর কেন্দ্রীয় নিয়ন্ত্রক বা মানদণ্ড, অন্য উৎসগুলো ওহীর সাথে সামঞ্জস্য রেখে সত্যকে উদ্ঘাটনে সহায়তা করে।এদের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল-
ওহী (الوحي)
এটি জ্ঞানের পরম ও চূড়ান্ত উৎস। আল্লাহ তাআলা নবী-রাসূলদের মাধ্যমে যে ঐশী বাণী প্রেরণ করেছেন, তা-ই ওহী। এটি কোনো ভুল বা সংশয়মুক্ত এবং মানুষের বুদ্ধির অগোচরে থাকা সত্যগুলো (যেমন: পরকাল, রুহ, জান্নাত-জাহান্নাম) আমাদের জানায়।
আকল (العقل )
এটি হলো মানুষের বিচারবুদ্ধি বা যুক্তি। আল্লাহ মানুষকে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। ওহীর জ্ঞানকে বিশ্লেষণ করা, জগত ও জীবন সম্পর্কে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো এবং ওহীর অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করাই আকলের কাজ।
হিসস (الحس )
এটি হলো পঞ্চ ইন্দ্রিয় বা অভিজ্ঞতালব্ধ জ্ঞান। চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক—এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমরা বস্তুগত জগতকে পর্যবেক্ষণ করি এবং তথ্য সংগ্রহ করি। আধুনিক বিজ্ঞানের ভিত্তি বা পর্যবেক্ষণমূলক জ্ঞান মূলত এই উৎসের ওপর প্রতিষ্ঠিত।
ফিতরাত (الفطرة )
এটি হলো মানুষের জন্মগত বা সহজাত প্রকৃতি। প্রতিটি মানুষ আল্লাহকে চেনার এবং সত্যকে উপলব্ধি করার একটি আদিম ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এটি মানুষের অন্তরের সেই কম্পাস, যা তাকে সবসময় সত্য ও ন্যায়ের দিকে টান দেয়।
কাশফ (الكشف )
এটি হলো আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বা উন্মোচন। যখন কেউ ইবাদত, জিকির ও তাকওয়ার মাধ্যমে নিজের অন্তরকে কলুষমুক্ত করে, তখন আল্লাহ তাকে এমন অনেক সত্যের উপলব্ধিতে ধন্য করেন, যা সাধারণ যুক্তি বা ইন্দ্রিয় দিয়ে বোঝা সম্ভব নয়। একে অনেকেই 'ইলহাম' বা আধ্যাত্মিক জ্ঞানদীপ্তিও বলে থাকেন।